ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকা স্কুলে এক ছাত্রীর সঙ্গে নির্মাণশ্রমিকের অশোভন আচরণের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিন কমিটি ঘটনা তদন্তে কাজ করবে। আজ বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন, স্থানীয় তিন কাউন্সিলর মো. ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব, লুৎফুন্নেসা দোভাষ বেবী, কোতোয়ালি থানার উপপরিদর্শক মহিবুর রহমান, দুজন অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয়ের একজন প্রতিনিধি।
সেন্ট স্কলাস্টিকা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রেনু মারীয়া পালমা প্রথম আলোকে বলেন, মঙ্গলবারই আমরা ঘটনা তদন্তে সিস্টার প্রভা মেরী কর্মকারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিলাম। কিন্তু বুধবার দুপুরে অভিভাবকেরা বিশপের উপস্থিতিতে একটি অনির্ধারিত বৈঠকে কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর দাবি জানান। সে কারণে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
তদন্ত কমিটির সদস্য ও ফিরিঙ্গিবাজার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, আগামীকাল থেকে কমিটি কাজ শুরু করবে। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অভিভাবকেরা কিছু দাবি জানিয়েছেন, কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিদ্যালয় চলার সময়ে কোনো উন্নয়নকাজ চলবে না; বিদ্যালয় ছুটির পর শ্রমিকেরা কাজ করবেন। শ্রমিকদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র দেওয়া হবে। এ ছাড়া বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানো হবে বলেও বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
বৈঠকে উপস্থিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, শনিবার ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে। রোববার থেকে পুরোদমে ক্লাস চলবে। তিনি জানান, বৈঠকে চট্টগ্রামের বিশপ মোজেস কস্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রেনু মারীয়া পালমা, নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান, নগরের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মঈনুদ্দিন, স্থানীয় দুই কাউন্সিলরসহ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
এ দিকে বৈঠক চলার সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কয়েক শ অভিভাবক। তাঁরা অবিলম্বে ঘটনার জন্য দায়ী নির্মাণশ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা ছাত্রী উত্ত্যক্ত প্রতিরোধ ও বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানান।