ছাত্রীর সঙ্গে 'গভীর সম্পর্ক', বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আসাদুজ্জামানকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই বিভাগের এক ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযোগকারী ছাত্রী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে প্রেম-ভালোবাসা ছিল। ওই শিক্ষক আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। একপর্যায়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। চার-পাঁচ মাস আগে তিনি (শিক্ষক) জানান, বিয়ে করা সম্ভব নয়। অন্য ছাত্রীর মতো তাঁকেও একইভাবে দেখেন। নিরুপায় হয়ে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ১০ এপ্রিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রী তাঁর বিভাগের শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। ওই ছাত্রীর মায়েরও লিখিত অভিযোগ পান উপাচার্য।
লিখিত অভিযোগে ওই ছাত্রী ও তাঁর মা জানান, ২০১৪ সালের দিকে আসাদুজ্জামান ওই ছাত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাঁকে নিয়মিত ফোন দিতেন। পরে আসাদুজ্জামান নিয়মিতভাবে ওই ছাত্রীর বাড়িতে যেতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশা হয়।
রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের দিকে একই ধরনের অভিযোগে ১৯ জানুয়ারি আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই সময় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেট সভায় তাঁকে তিরস্কার করা হয়। এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ করা হয়। ১ মাস ১০ দিন পর সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, এবারের অভিযোগে আবারও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে সিন্ডিকেট সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য হারুন উর রশিদ আসকারী প্রথম আলোকে বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শিক্ষক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি আমাকে বরখাস্ত করা হয়েছে, তবে এখনো কোনো চিঠি পায়নি। আমার বিরুদ্ধে বিভাগের কয়েকজন শিক্ষক ও প্রশাসনের কয়েকজন মিলে ষড়যন্ত্র করছে। ওই ছাত্রীর অভিযোগ ঠিক না।’ ষড়যন্ত্রের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিভাগে নিয়োগ বাণিজ্য করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর প্রতিবাদ করায় ষড়যন্ত্র চলছে। এ ছাড়া ২০১২ সালে যে অভিযোগ হয়েছিল, সেটাও ষড়যন্ত্র ছিল বলে তিনি দাবি করেন।