ছাত্রের ওপর হামলা, ম্যাটস বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রের ওপর হামলার জের ধরে নোয়াখালীর চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয় (ম্যাটস) এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবাসিক ছাত্রদের ডাইনিংয়ে দায়িত্ব পালন নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।

ম্যাটসের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিক ছাত্রদের ডাইনিং পরিচালনার জন্য গত মাসে তৃতীয় বর্ষের দুই ছাত্র ইব্রাহিম হোসেন ওরফে শুভ ও মো. মাহফুজকে দায়িত্ব দেওয়া হয়। মাহফুজের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজের মতো করে ডাইনিং পরিচালনা করে আসছিলেন ইব্রাহিম। এ নিয়ে প্রতিবাদ জানালে ইব্রাহিম গতকাল সোমবার দুপুরে তাঁর দুই সহযোগী অমি ও লিমনকে নিয়ে মাহফুজের ওপর হামলা চালান। এ সময় কাঠ দিয়ে পিটিয়ে মাহফুজের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আহত মাহফুজকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ইব্রাহিম, অমি ও লিমনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

সূত্র জানায়, এ ঘটনার পর গতকাল বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এক সপ্তাহের জন্য ম্যাটস বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের গতকাল রাত আটটা ও ছাত্রীদের আজ মঙ্গলবার সকাল আটটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ইব্রাহিম এককভাবে ডাইনিং পরিচালনা করায় মাহফুজের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মাহফুজকে মারধর করেন শুভ ও তাঁর দুই সহযোগী।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ম্যাটস কর্তৃপক্ষ তিন ছাত্রকে আটক করে থানায় সোপর্দ করেছে। আহত ছাত্রের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তাঁরা মামলা করতে চাইলে নেওয়া হবে।