জ্যামিতির চিত্র আঁকতে না পারায় চট্টগ্রাম নগরের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করা হয়েছে। এতে মাশরাফুল আল কারী (১৪) নামের ওই ছাত্রের বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন তাঁর অভিভাবক।
গত ২৯ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় শাখায় জেএসসির কোচিং ক্লাসে এ ঘটনা ঘটে। গত রোববার চট্টগ্রামের আদালতে মাশরাফুলের বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক আরিফ বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন। সোমবার রাতে ওই শিক্ষককে নগরের ডবলমুরিংয়ের মুহুরিপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আহত ছাত্র চট্টগ্রাম ও ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নগরের ইপিজেডের বাসায় আছে।
ব্যবসায়ী মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, মাশরাফুল ২৯ জুলাই সকালে বিদ্যালয়ে জেএসসির কোচিং ক্লাসে যায়। গণিত ক্লাসে জ্যামিতির চিত্র পুরোপুরি আঁকতে না পারায় শিক্ষক আরিফ বিল্লাহ তাকে বেত্রাঘাত করেন। এতে তার বাঁ চোখে আঘাত লাগে। এরপর ওই শিক্ষক তাঁর ছেলেকে একজন সহপাঠীকে দিয়ে বাসায় পাঠিয়ে দেন। ছেলেকে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি।
এদিকে বাসায় এসে মাশরাফুল বমি করতে শুরু করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান কামরুজ্জামান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ছেলেকে পাশের শেভরন আই হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ড্রপ ও মলম দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ১ আগস্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বাসায় নিয়ে আসেন।
এখন উন্নত চিকিৎসার জন্য ছেলেকে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কামরুজ্জামান। তিনি বলেন, সামনে মাশরাফুলের জেএসসি পরীক্ষা। কিন্তু প্রস্তুতি নেওয়ার কোনো অবস্থা নেই তার। তিনি শিক্ষক আরিফ বিল্লাহর শাস্তির দাবি করেছেন।
নগরের ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সায়েম জানান, আরিফ বিল্লাহকে সোমবার রাতে নগরের ডবলমুরিং থানার মুহুরিপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৌখিক ও লিখিত অভিযোগ পাননি বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। অভিযোগ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বেত্রাঘাত না করতে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা আছে। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) এম জি সবুরের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।