ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার অপমৃত্যু মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম বিশ্বজিৎ মল্লিক (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের বড়গুল এলাকা থেকে বিশ্বজিৎ মল্লিকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার ‘সুরমা নীড়’ নামের একটি বাসার মেসে থাকতেন। শনিবার রাত ১১টার দিকে মেসের অন্য সদস্যরা তাঁর কক্ষের দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানান তাঁরা। পরে রাত ১২টার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় বিশ্বজিতের লাশ উদ্ধার করে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে তাঁর চাচা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী জ্যোতির্ময় মল্লিক লাশ গ্রহণ করেন। বিশ্বজিৎ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সোনাকান্দা গ্রামের যাদব মল্লিকের ছেলে।

এদিকে লাশ উদ্ধারের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ হাসপাতালে যাননি, এমন দাবি করে বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল সকাল নয়টার দিকে প্রক্টরের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিলে দুপুরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

বিকেলে বিশ্বজিৎ মল্লিকের চাচা জ্যোতির্ময় মল্লিক সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় অপমৃত্যুর মামলা করেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে বিশ্বজিতের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।