ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল প্রাঙ্গণের নালা থেকে আজ বৃহস্পতিবার এক ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সন্ধ্যায় ওই ছাত্রের চাচা মো. বশির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সকাল আটটার দিকে ওই হলের ডাইনিংয়ের কর্মচারীরা কাজ করতে গিয়ে পাশের নালায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেনের (২১) মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

আজ বিকেলে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমীর জাফর প্রথম আলোকে বলেন, ‘সকালে মরদেহ উদ্ধারের পর পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা ধারণা করেছিলাম এটি হত্যাকাণ্ড। তারপর যেহেতু তাঁর চাচা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন, সেহেতু আমরা সেভাবেই তদন্ত করব। কারা কীভাবে এটা করেছে, এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। হুট করে বলা যাবে না, সময় লাগবে একটু।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার বলেন, ‘আমরা মনে করছি, এটি হত্যাকাণ্ড। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তিনি জানান, বিকেল পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মোতালেবের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।

মামলার বাদী মো. বশির উদ্দিন বলেন, ‘মঙ্গলবারের দিন মোতালেবকে বাসে তুলে দেওয়ার জন্য হরিণাকুণ্ডু উপজেলার আমতলায় বাইসাইকেলে করে পৌঁছে দিয়ে যাই। ভাতিজা বলল, চাচা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। এরপর আর কথা হয়নি।’

মোতালেব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। মোতালেবের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাকিমপুর গ্রামে। বাবার নাম বদর উদ্দিন।

ময়নাতদন্ত শেষে ওই হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক জানান, মাথার পেছনে বড় ধরনের আঘাতের কারণে মোতালেবের মৃত্যু হয়েছে। মরদেহের বুকের দুই পাশের দুটি করে হাড়ভাঙা ছিল। ফুসফুসেও আঘাত ছিল।

এ ঘটনায় পুলিশ মোতালেবের রুমমেটসহ দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। হলের দুজন প্রহরীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।