ছাত্রের লাশ সেপটিক ট্যাংকে, যুবকের লাশ ডোবায়

গাজীপুরে নিখোঁজের এক সপ্তাহ পর গতকাল শুক্রবার সেপটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর একটি ডোবায় কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ।
গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়ার কারখানা বাজারের পাশে এক ব্যক্তির বাগানবাড়ির সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্র আতিকুর রহমানের (১৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে সিটি করপোরেশনের বিপ্রবর্থা এলাকার আবদুর রশিদের ছেলে এবং কাউলতিয়া জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
কাউলতিয়ার কারখানা বাজারের পাশের এক ব্যক্তির বাগানবাড়ির গৃহকর্মী গতকাল সকালে হঠাৎ দুর্গন্ধ পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। বিষয়টি জয়দেবপুর থানা-পুলিশকে জানালে তারা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা আতিকুরের লাশ শনাক্ত করেন।
আতিকুরের বাবা আবদুর রশিদ বলেন, তাঁর ছেলে পড়াশোনার পাশাপাশি ইটভাটায় কাজ করত। ৯ ডিসেম্বর সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলার জন্য বাসা থেকে বাইরে যায় আতিকুর। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে আতিকের পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন, ইটের ট্রাকে করে আতিককে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকের চালক আবদুল আলিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে চালক জানান, আতিক তাঁর ট্রাকেই আছে। ইটভাটার মালিক ইমরান দেওয়ানও একই কথা বলেন। কিন্তু এরপর সে আর ফেরেনি। পরে তিনি থানায় মামলা করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, পুলিশ গত বুধবার ট্রাকচালক আলিম, ইটভাটার শ্রমিক শফিকুল ইসলাম ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ঢাকায় ইট নামানোর সময় ইটের সঙ্গে মাটিতে পড়ে আতিক মারা যায়। বিষয়টি ইটভাটার মালিক ইমরান দেওয়ানকে জানালে তিনি লাশ বস্তায় ভরে ইটভাটায় নিয়ে যেতে বলেন। মালিকের কথামতো তাঁরা আতিকের মরদেহ বস্তায় ভরে ট্রাকসহ ইটভাটায় নিয়ে যান। ইমরান লাশ নিয়ে চলে যায়। পরে আতিকের মরদেহ কী করা হয়েছে, তা তাঁরা জানেন না। ঘটনার পর থেকে ইমরান পলাতক।
এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় রুবেল সরদার (২৫) নামের এক যুবক ৪ ডিসেম্বর নিখোঁজ হন। ১২ দিন পর গতকাল শুক্রবার সকালে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, একই গ্রামের মনির পাঠান ফোন করে তাঁকে ডেকে নিয়ে যান। তাঁরা রুবেলকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছেন।
জাজিরা থানা-পুলিশ জানায়, জাজিরা উপজেলার মানিকনগর শিমুলতলা গ্রামের রুবেল সরদার নির্মাণশ্রমিক ছিলেন। ৪ ডিসেম্বর সন্ধ্যায় একই গ্রামের মনির পাঠান মুঠোফোনে রুবেলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৮ ডিসেম্বর রুবেলের বড় বোন তাছলিমা আক্তার জাজিরা থানায় অপহরণ মামলা করেন। মামলায় মনির পাঠান, তাঁর বাবা মোহাম্মদ আলী পাঠানসহ ১৩ ব্যক্তিকে আসামি করা হয়।
গতকাল সকাল ১০টার দিকে জাজিরার মল্লিককান্দি গ্রামের একটি ডোবায় কচুরিপানা পরিষ্কার করতে যান শ্রমিকেরা। সেখানে কচুরিপানার নিচে একটি লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
রুবেলের বোন তাছলিমা অভিযোগ করেন, ‘পাঠান পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। ২০ বছর আগে তারা আমার আরেক ভাইকে হত্যা করেছে। ছোট ভাই রুবেলকে ১২ দিন আগে অপহরণ করে হত্যা করেছে।’
রুবেল নিখোঁজ হওয়ার পর থেকে মনির পাঠান ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।