ছাত্র-ব্যবসায়ী হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেটে গতকাল শনিবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতি ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। কাপড়ের দাম নিয়ে বনিবনা না হওয়ায় মার্কেটের ২ নম্বর ফটকের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সায়েম, শুভ্র, সাব্বির, ইমরান, কাওসার ও শামীম। তাঁরা এই নামে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবাই বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শহীদুল্লাহ হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আহতদের প্রথম দুজন দুপুরে নিউমার্কেটে অ্যাপ্রোন কিনতে যান। সে সময় দরদাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী মিলে তাঁদের মারধর করেন। খবর পেয়ে একই হলের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আরও চার শিক্ষার্থী আহত হন।
পরে তাঁদের আটকে রেখে ব্যবসায়ী নেতারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন। আমজাদ আলী বলেন, দরকষাকষিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করা হবে।