ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নয়তলা ভবন থেকে পড়ে মর্জিনা আক্তার (১৬) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

মর্জিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৬৭ সিদ্ধেশ্বরীর রেজা অ্যাভিনিউর নিরাপত্তাকর্মী মো. রফিক। তাঁর ভাষ্য, রেজা অ্যাভিনিউর মালিক মারুফ রেজার বাসায় কাজ করত মর্জিনা। আজ সকাল সাড়ে সাতটার দিকে সে বাসার নয়তলার ছাদে গাছে পানি দিতে যায়। সেখান থেকে হঠাৎ মর্জিনা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রফিক ও ওই বাসার আরেক নিরাপত্তাকর্মী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মর্জিনার পরিচয় সম্পর্কে আর বিস্তারিত বলতে পারেননি রফিক। মর্জিনার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।