ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বড় মগবাজার এলাকায় একটি বাড়ির ছাদ থেকে পড়ে গতকাল মঙ্গলবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তাঁর নাম আতিফ সরকার ওরফে সাদ (২৫)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়তেন।
ঘটনাটি হত্যা, আত্মহত্যা, না দুর্ঘটনা, তা রমনা থানার পুলিশ নিশ্চিত হতে পারেনি।
পারিবারিক সূত্র জানায়, আতিফ ২৮২ বড় মগবাজারে তাঁর পৈতৃক বাড়িতে থাকতেন। গতকাল বিকেল চারটার দিকে আতিফ ও তাঁর খালাতো ভাই নাছের বড় মগবাজারের ছয়তলা বাড়ির ছাদে যান। আতিফের সঙ্গে থাকা নাছের প্রথম আলোর কাছে দাবি করেন, হাঁটাহাঁটির একপর্যায়ে আতিফ পা পিছলে দুই ভবনের মাঝ থেকে নিচে পড়ে যান।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে আতিফকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুই ভাই এক বোনের মধ্যে আতিফ ছোট।
আতিফের বাবা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আতিফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তৃতীয় সেমিস্টার শেষ করেছেন। লোক মুখে তিনি শুনেছেন, আতিফ মাদকাসক্ত। কিন্তু তিনি তা বিশ্বাস করতে পারছেন না।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাটি হত্যা, আত্মহত্যা, না দুর্ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।