
যমজ সন্তানের একটিকে প্রসূতির গর্ভে রেখেই অস্ত্রোপচার শেষ করে সেলাই করে দেওয়ার ঘটনা ঘটেছে কুমিল্লার গৌরীপুরের যে হাসপাতালে, নিয়ম অনুযায়ী সেই লাইফ হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কোনো ছাড়পত্র (লাইসেন্স) ছিল না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ছাড়পত্র নিতে হয়। তা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও সঠিক চিকিৎসককে অস্ত্রোপচারের কাজে নিযুক্ত করেনি।
কুমিল্লার সিভিল সার্জনের সভাপতিত্বে গঠিত বোর্ডের তদন্ত প্রতিবেদনে এ তথ্য এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হতে পারে।
‘যমজের একটিকে পেটে রেখেই অস্ত্রোপচার শেষ!’ শিরোনামে গত ২৬ অক্টোবর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন গত ২৯ অক্টোবর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেদিন শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, খাদিজা আক্তারের পেটে দুটি সন্তানের (যমজ) একটি জরায়ুর মধ্যে এবং অন্যটি জরায়ুর বাইরে থাকা এবং বাইরে ৩৭ সপ্তাহ পর্যন্ত জীবিত থাকা একটি বিরল ঘটনা। এটিকে হেটারোটপিক প্রেগন্যান্সি বলা হয়। সাধারণ এ ধরনের প্রেগন্যান্সিতে বেশির ভাগ ক্ষেত্রে বাচ্চাটি রক্ত সঞ্চালনের অভাবে বেঁচে থাকতে পারে না।
গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর, সংশ্লিষ্ট চিকিৎসক, লাইফ হাসপাতালের পরিচালক ও প্রসূতির অভিভাবক, অস্ত্রোপচারের কাগজপত্র ও তথ্য পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদনে বলা হয়, আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে প্রসূতির গর্ভে দুটি যমজ সন্তান জীবিত বলে উল্লেখ করা হয়েছিল। এ অবস্থায় খাদিজা আক্তার গত ১৮ সেপ্টেম্বর লাইফ হাসপাতালে ভর্তি হন। ওই দিন বেলা সাড়ে তিনটায় তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক শেখ হোসনে আরা (শল্যচিকিৎসক হিসেবে), মো. মঞ্জুরুল ইসলাম (অবেদনবিদ হিসেবে) সম্মিলিতভাবে অস্ত্রোপচারে অংশ নেন। অস্ত্রোপচারের সময় জরায়ুতে একটি সন্তান পাওয়া যায়, যা পরে বের করা হয়। চিকিৎসক শেখ হোসনে আরা জরায়ুর বাইরে টিউমারের মতো দেখতে পান, যা তিনি বেশি রক্তক্ষরণ বা রোগীর ক্ষতি হতে পারে ভেবে পেটে রেখেই সেলাই করে দেন। এ রকম পরিস্থিতিতে রোগীকে নিজ উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এ অবস্থায় রোগীর মারাত্মক ক্ষতির আশঙ্কা ছিল। রোগীকে তিন দিন হাসপাতালে রেখে ২১ সেপ্টেম্বর ছাড়পত্র দেওয়া হয়। অস্ত্রোপচার সম্মতিপত্রে রোগীর নাম-ঠিকানারও উল্লেখ নেই। এগুলোকে চিকিৎসকের অপরিপক্বতা ও অদক্ষতা বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়, রোগী বাড়ি যাওয়ার প্রায় চার সপ্তাহ পর পেটে ব্যথা হলে তাঁকে হোমনা উপজেলার একটি হাসপাতালে গত ২০ অক্টোবর নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করা হলে দেখা যায়, তাঁর পেটে একটি মৃত সন্তান রয়েছে। ২২ অক্টোবর লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে ভর্তি ও অপারেশন করে একটি মৃত সন্তান বের করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডা. শেখ হোসনে আরা গাইনি বা সার্জারি-সংক্রান্ত কোনো উচ্চতর ডিগ্রি অর্জন না করেই এ রকম জটিল অস্ত্রোপচারটি করেছেন, যা তাঁর এখতিয়ারের মধ্যে পড়ে না। অবেদনবিদ্যা (অ্যানেসথেসিয়া) বিষয়ে ডা. মো. মঞ্জুরুল ইসলামেরও কোনো উচ্চতর ডিগ্রি নেই।
তদন্ত বোর্ডের প্রতিবেদনে বলা হয়, লাইফ হাসপাতালটিকে এর আগে দুবার বন্ধ করা হয়েছিল। মালিকপক্ষ দুবারই এই মর্মে মুচলেকা দিয়েছিল যে লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওটিসহ সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখবে। কিন্তু তারা তা রক্ষা করেনি।