ছিটমহল বিনিময়ের পরদিনই জমি নিয়ে সংঘর্ষ দাশিয়ার ছড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় নিয়ে আনন্দের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে কুড়িগ্রামের দাশিয়ার ছড়ায় (একসময়কার ছিটমহল) যে জায়গায় জাতীয় পতাকা তোলা হয়েছিল, সেই জমির দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার দুপুরে এ সংঘর্ষে ১০ জন আহত হয়।
স্থানীয় লোকজন ও ফুলবাড়ী থানা সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে দাশিয়ার ছড়ার কালীরহাট বাজারে পতাকা উত্তোলনের ওই স্থানসংলগ্ন জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় আবদুল হাই ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ। আইনশৃঙ্খলা রক্ষার্থে কালিরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান ও দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন বলেন, কালিরহাট বাজারসংলগ্ন পতাকা উত্তোলনের স্থানটি পৈতৃক সূত্রে আবদুল হাই এবং ক্রয়সূত্রে সিরাজ মিয়া দাবি করে আসছেন। বিরোধপূর্ণ এ জমির পরিমাণ ১৮ শতক। গতকাল দুপুরে আবদুল হাইয়ের লোকজন এ বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে শুরু করেন। খবর পেয়ে সিরাজ মিয়ার লোকজন নিয়ে বাধা দেন। এতে সংঘর্ষ বেধে যায়। দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আবদুল হাই বলেন, ‘পৈতৃক সূত্রে জমির মালিক আমি। সিরাজুল বলে বেড়ায় আমার দাদুর কাছ থাকি জমি মৌখিকভাবে কিনি নিছে। সে কোনো প্রমাণ দেখাতে পারে নাই। আমার জমিতে আমি বেড়া দিচ্ছিলাম। তারা দলবল নিয়া আসি আমাদের ওপর হামলা করে। আমরা জীবন বাঁচাতে চেষ্টা করি। দুই পক্ষে মারামারি হয়।’
সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা জিজ্ঞাসা করতে গেছি, তোমরা জমিত বেড়া দেন ক্যা। তাতে ওমরা হামাক মারধর করে। এ জমি আমরা তার দাদুর কাছ থাকি নিছি। এ নিয়া অনেক বিচার সালিস হইছে, তামরা (তারা) মানে না।’
ছিটমহল বিনিময়ের আগে এ অঞ্চলের মানুষের জমি বিনিময়ের আইনি সুযোগ ছিল না। ফলে মুখে মুখে জমি হস্তান্তর হতো। গতকালের জমিসংক্রান্ত বিরোধ এরই ফলশ্রুতি বলে মনে করেন স্থানীয় লোকজন। অনেকেই মনে করছেন, এমন বিরোধ বাড়তেই থাকবে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ বলেন, ‘এই এলাকাটি ভারতের অধীনে থাকায় জমির রেকর্ডপত্র স্বাভাবিকভাবেই তাঁদের হাতে থাকার কথা। তাঁরা দুই পক্ষ জায়গাটি দাবি করছে। উভয় পক্ষের জমির কাগজ দেখাতে বলেছি। জমির কাগজ দেখে সিদ্ধান্ত নিতে পারব। জরিপ শুরু হলে বিরোধ নিষ্পত্তি সহজ হবে।’
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আগামী বুধবার দুই দেশের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বৈঠক হবে। সেখানে জমির রেকর্ড বিনিময়ের বিষয়টি উঠতে পারে।
দাশিয়ার ছড়া ছিটমহল আন্দোলনের ছাত্রনেতা হাবিবুর রহমান দাবি করেন, পতাকা উত্তোলনের স্থানটি ঐতিহাসিক সে কারণে স্থানটি সংরক্ষণ করা হোক।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, এখন পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা নিয়ে কোনো পক্ষ মামলা করেনি।