ছিনতাই করতে গিয়ে ধরা কনস্টেবলসহ দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাইকোর্টসংলগ্ন মোড়ে ছিনতাই করতে গিয়ে পুলিশের এক সদস্যসহ দুজন গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করেছেন জনতা। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল নূর-ই-আলম ও তাঁর সহযোগী মিজানুর রহমান।
তবে ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকালে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। ঘটনায় জড়িত আরেকজন পালিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

সূত্র জানায়, হাইকোর্টসংলগ্ন মোড়ে সাইকেলে থাকা লিটন ও সানি নামের দুজনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনজন। লিটন ও সানি সম্পর্কে মামা–ভাগ্নে। তাঁরা চকবাজারে পুরোনো টাকা নিয়ে নতুন টাকা দেওয়ার ব্যবসা করেন। আজ তাঁরা দুজন মতিঝিলের একটি ব্যাংক থেকে পুরোনো টাকা জমা দিয়ে নতুন টাকা নিয়ে চকবাজারের দিকে সাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেলের তিনজন আরোহী তাঁদের গতিরোধ করেন। একজন তাঁদের বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের গ্রেপ্তার করা হবে। এ কথা শুনেই লিটন ও সানি চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে আশেপাশের লোকজন মোটরসাইকেলের আরোহী দুজনকে ধরে ফেলেন। একজন পালিয়ে যান। জনতা তাঁদের পিটুনি দিয়ে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। যাচাইবাছাইয়ের পর পুলিশ জানতে পারে, ছিনতাইয়ের চেষ্টাকারী একজন পুলিশ কনস্টেবল।
পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান প্রথম আলোকে বলেন, শরীয়তপুর জেলা থেকে প্রেষণে পুলিশ সদর দপ্তরের গাড়িচালক হিসেবে কাজ করছিলেন কনস্টেবল নূর-ই-আলম। ঘটনার সময় তিনি সাধারণ পোশাকে ছিলেন। ঘটনার ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।