ছিনতাই করতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আজ রোববার বিকেলে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে কাজল (২০) নামের এক যুবক। পরে সেখানে দায়িত্বরত ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ওই ছিনতাইকারীকে এক বছরের কারাদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে একটি লেগুনা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যাত্রী নামানো-উঠানোর জন্য থামে। তখন বাইরে থেকে কাজল নামের ওই যুবক লেগুনার এক নারী যাত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেখানেই আদালত বসিয়ে ঘটনার শিকার ওই নারীর উপস্থিতিতে কাজলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, ছিনতাই করা চেইনটি ওই নারীর কাছে হস্তান্তর করা হয়েছে। কাজলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। সে কামরাঙ্গীরচর এলাকায় থাকে।