ছিনতাই করা টমটম উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার কলেজ গেট এলাকা থেকে গত রোববার রাতে একটি ব্যাটারিচালিত টমটম ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল সোমবার টমটমের মালিক ইসরাত জাহান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেছেন।
কলেজ গেট এলাকাটি লক্ষ্যারচর ইউনিয়নে পড়েছে। এই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, চকরিয়া পৌর শহর থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী বানিয়ারছড়া যাওয়ার উদ্দেশে টমটম ভাড়া করেন। টমটমটি চকরিয়া কলেজ এলাকায় পৌঁছার পর চালক মোহাম্মদ রিপনকে মারধর করেন ছিনতাইকারীরা। একপর্যায়ে তাঁকে সড়কের পাশের খাদে ফেলে দেন। এ খবর জানার পর স্থানীয় লোকজনের টমটমটি উদ্ধার করেন এবং খোরশেদ আলম নামের এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, টমটম ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার খোরশেদ আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক দুজনকে ধরতে অভিযান চলছে। গতকাল দুপুরে খোরশেদ আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।