ছিনতাই করা ট্রলারে মানব পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচারে ১৩টির বেশি জলদস্যু বাহিনীর সহায়তা নেয় দালালেরা। মানব পাচারের জন্য দালালদের ট্রলারও সংগ্রহ করে দেয় জলদস্যুরা। ট্রলার মালিক, জেলে ও স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের নুনিয়াছটা এলাকার একটি ট্রলারের মালিক জানান, ৩ মে সকালে দস্যুরা উখিয়া উপকূল থেকে তাঁর একটি মাছ ধরার ট্রলার ছিনিয়ে নিয়ে যায়। এরপর জলদুস্যরা ট্রলারটি মানব পাচারের জন্য দালালদের হাতে তুলে দেয়। তিনি ট্রলারটি উদ্ধারের চেষ্টা করলে দস্যুরা আরও ট্রলার লুটের হুমকি দেয়।
জেলেরা জানান, ১ মে রাতে সোনাদিয়ার জলদস্যু জাম্বু বাহিনীর সদস্যরা ১২ জেলেকে সাগরে ফেলে দিয়ে চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ছিনিয়ে নিয়ে যায়। পরে ট্রলারটি মানব পাচারের জন্য সাত লাখ টাকায় কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকার এক দালালের কাছে বিক্রি করে দেয় জলদস্যুরা। সেদিন রাতে ট্রলারটি শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে আর ফেরেনি।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত এক মাসে জলদস্যুরা কক্সবাজারের ২০টির বেশি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে।
জেলেরা বলেন, জলদস্যুদের সহযোগিতা ছাড়া সমুদ্র দিয়ে মানব পাচার মোটেও সম্ভব নয়।
জেলেরা জানান, সাগরে ট্রলারে লুটপাট ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক দস্যু বাহিনী এখন মুখোমুখি। এ নিয়ে গোলাগুলিতে হতাহতের ঘটনাও ঘটছে। গত ৯ এপ্রিল রাতে সোনাদিয়া চ্যানেলে মানব পাচার নিয়ে দুটি বাহিনীর মধ্যে গোলাগুলিতে লুতু মিয়া নামের মহেশখালীর এক যুবক নিহত হন। ওই ঘটনায় আহত হন ছয় যাত্রী।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জলদস্যু ও মানব পাচারকারীদের প্রতিরোধে সাগরে অভিযান চালানোর জন্য পুলিশের কাছে আধুনিক জলযান নেই।
সামাজিক সংগঠন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান জানান, গত দুই বছরে দস্যুরা শতাধিক মাছ ট্রলার ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। বেশির ভাগ ট্রলার ব্যবহৃত হয়েছে মানব পাচারের কাজে।
ট্রলার মালিক ও বোট মালিক সমিতি সূত্র জানায়, চট্টগ্রামের সোনারচর থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিশাল সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করে সন্দ্বীপের মোশারফ, বাঁশখালীর রবি, কুতুবদিয়ার দিদার ও ইউনুছ, মহেশখালীর জাম্বু, আঞ্জু, মোবারক ও রাকিব এবং টেকনাফের ধলু হোসেনের বাহিনীসহ ১৩টি জলদস্যু বাহিনী। ট্রলার ছিনতাই, মুক্তিপণের জন্য জেলে অপহরণের পাশাপাশি দস্যুরা সমুদ্রপথে মাদক চোরাচালান ও মানব পাচার নিয়ন্ত্রণ করছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, জলদস্যুদের নিয়ন্ত্রণ করা গেলে মানব পাচার বন্ধ হয়ে যেত। জেলেরাও নিরাপদে মাছ ধরতে পারতেন। কিন্তু সমুদ্রে নেমে দস্যুদের গ্রেপ্তার করা পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না।