ছিনতাই করা বাসে যাত্রী তুলে গণডাকাতি
চালক ও সহকারীর হাত-পা বেঁধে বাসের মধ্যে ফেলে রাখে ডাকাত দল। পথে পথে যাত্রী তুলে তাঁদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের মুখে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে তাঁদের রাস্তায় ফেলে দেওয়া হয়। গতকাল রোববার গাজীপুরের চন্দ্রা-নবীনগর ও ঢাকা-আরিচা মহাসড়কে এ গণডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ, বাসের চালক ও সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসআই এন্টারপ্রাইজ নামের একটি পরিবহনের বাস সিরাজগঞ্জ থেকে ঢাকার মহাখালী পর্যন্ত চলাচল করে। ওই পরিবহনের ভাড়া করা একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৮৮) সিলেটে যাত্রী পৌঁছে দিয়ে গত শনিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়কের পাশে থামে। এ সময় বিশ্রাম নিতে থাকেন চালক ফজলুল হক ও সহকারী আবদুল কুদ্দুস। গতকাল ভোর চারটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত বাসে উঠে ধারালো অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে। এরপর তাঁদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে বাসের পেছনের দিকে ফেলে রাখা হয়। ডাকাতেরা বাসটি চালিয়ে ঢাকার আশুলিয়ার নবীনগরের দিকে যেতে থাকে। এ সময় বিভিন্ন জায়গায় থামিয়ে কয়েকজন যাত্রী তোলা হয়। এরপর যাত্রীদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে বাস থেকে ফেলে দেওয়া হয়।
একইভাবে ডাকাতেরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে যাত্রী তুলে লুটপাট চালায়। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় বাসটি রেখে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর বাসে ডাকাতদের নির্যাতনের শিকার এক নারী ও তাঁর স্বামী একটি অটোরিকশা নিয়ে চলে যান। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে ও ঘিওর থানার পুলিশ বাসের চালক ও সহকারী এবং এক যাত্রীকে উদ্ধার করে। তবে ওই যাত্রী স্বেচ্ছায় চলে গেলে আহত চালক ফজলুলকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাসের সহকারী আবদুল কুদ্দুস বলেন, বাস ফেলে ডাকাতেরা চলে যাওয়ার পর তিনি বাসের এক যাত্রী ও দম্পতিকে দেখতে পান। এর আগে চলন্ত বাসটিতে ডাকাতেরা নারীকে ‘যৌন নির্যাতন’ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির সদস্য। তাঁর স্বামীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নে। মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই নারীর স্বামী বলেন, অন্যান্য যাত্রীর মতো তাঁরাও ওই বাসে ডাকাতির শিকার হয়েছেন। তাঁর স্ত্রী নির্যাতনের শিকার হয়েছেন কি না—এমন প্রশ্নের বিষয়টি এড়িয়ে যান তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
এসব বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাস ছিনতাই ও ডাকাতির ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হবে। কোনো নারী যাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে স্বামীকে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার সময় ওই নারী বাধা দিলে তাঁকে মারধর করা হয়।