ছিনতাই করার সময় যুবক আটক, দেড় বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ছিনতাই করার সময় ইসমাইল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করে জনতা। পরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেল পৌনে তিনটার দিকে নিউমার্কেট–সংলগ্ন চাঁদনী চক মার্কেটের সামনে এক রিকশারোহী নারীর গলার চেইন ধরে টান দেন ওই যুবক। চেইন ছিনিয়ে নিয়ে যুবক দৌড়াতে পালাতে থাকেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ওই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।’

সারওয়ার আলম আরও জানান, তিনি ঘটনার সময় ওই এলাকায় হরতালের দায়িত্ব পালন করছিলেন। হইচই শুনে তিনি সেখানে এগিয়ে যান। এরপর পুরো ঘটনা শুনে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে কারাদণ্ড দেন।

ঘটনা বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, চেইন ছিনিয়ে নেওয়ার পর ওই যুবক তা মুখে ঢুকিয়ে দিয়েছিলেন। পরে চেষ্টা করে তা বের করা হয়। এরপর তা একটি স্বর্ণের দোকানে ওজন করিয়ে দেখা যায়, ওই চেইনের ওজন প্রায় চার গ্রাম। পরে চেইনটি ছিনতাইয়ের শিকার নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওই নারীর নাম রুমা। তিনি আজিমপুর কলোনিতে থাকেন। কেনাকেটা করে রিকশায় করে তিনি বাসায় ফিরছিলেন। কারাদণ্ড পাওয়া যুবকের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। রাজধানীতে তাঁর স্থায়ী কোনো ঠিকানা নেই।