ছিনতাই করে ধরা পড়া পুলিশ কারাগারে
ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়া পুলিশ কনস্টেবল শরীফ রানাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ছিনতাই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে বিচারক সাহেদুল করিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের শিকার হওয়া ওই নারী গত রাতে বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় শরীফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
শরীফ রানা (৩০)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। সিলেট জেলা পুলিশের মোটরযান শাখার কনস্টেবল (নম্বর ৪৯৫) তিনি।
পুলিশ সূত্র জানায়, নগরের ধোপাদিঘিরপাড় এলাকার একজন নারী তাঁর ব্যবসায়ী ভাইকে সঙ্গে নিয়ে জিন্দাবাজারের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে বারুতখানায় আরেক ব্যাংকে যান। বেলা দেড়টার দিকে সেখান থেকে বের হয়ে তাঁরা একটি রিকশায় উঠছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী তাঁর টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ওই দুজন তখন চিৎকার দিলে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করেন। দুজন মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায়। অপরজন মোটরসাইকেলসহ ধরা পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, ক্ষুব্ধ জনতা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তিকে পিটুনি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তা থেকে রেহাই পেতেই ‘আমি পুলিশ কনস্টেবল’ বলে পরিচয় দেন তিনি। এরপর লোকজনের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। পরে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, সাদাপোশাকে থাকায় প্রাথমিকভাবে শরীফের পরিচয় সম্পর্কে সন্দেহ হয়েছিল। পরে তা নিশ্চিত হওয়া গেছে। অন্য দুই ছিনতাইকারীর ব্যাপারে জানতে ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে শরীফকে জিজ্ঞাসাবাদ চলছে।