ছিনতাই করে পালানোর সময় দুজন আটক
মৌলভীবাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার সদরের গোজারাই এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় তাঁদের আটক করা হয়।
আটক দুজন হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের উড়া মিয়া (২২) ও রনজু মিয়া (২০)। তাঁরা মৌলভীবাজার সদর থানা হেফাজতে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাজনগর উপজেলার তারাচং গ্রামের প্রবাসী হেলাল আহমদের স্ত্রী লাকি বেগম (৩০) মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা তুলে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান টমটমে চাঁদনীঘাট বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন। সাইফুর রহমান সড়কের ডাকঘর এলাকায় পৌঁছালে উড়া মিয়া ও রনজু মিয়া ওই টমটমে ওঠেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে চাঁদনীঘাট এলাকার মনু নদের সেতুর ওপর পৌঁছালে ওই দুই তরুণ লাকি বেগমের হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে টমটম থেকে নেমে দৌড় দেন। এ সময় লাকির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা মনু নদে ঝাঁপ দেন।
পরে খবর পেয়ে পুলিশ চাঁদনীঘাট এলাকায় ছুটে যায়। একপর্যায়ে উড়া ও রনজু মিয়া সাঁতরে গোজারাই এলাকায় নদের পাড়ে ওঠার পর তাঁদের আটক করে পুলিশ। এই সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া হাতব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগে ১ লাখ ১ হাজার ১০০ টাকা পাওয়া যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার এসআই তাপস চন্দ্র রায় বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।