ছিনতাই চক্রের সদস্য চার নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব কায়দায় এক নারীর গলার চেইন ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়েছেন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত চার নারী। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন শান্তা বেগম, রহিমা বেগম, রুবিনা বেগম ও হোসনে আরা।
বায়েজীদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে রেনু আক্তার নামের এক নারী অক্সিজেন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে রাস্তা পার হন ওই চার নারী। রাস্তা পার হওয়ার সময় রেনু আক্তারকে ঘিরে ফেলেন তাঁরা। একপর্যায়ে তাঁর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। এমনভাবে কাজটি করছিলেন তাঁরা যাতে আশপাশের লোকজন কিছু বুঝতে না পারেন। গলার চেইন টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারী চিৎকার করলে লোকজন ছুটে আসেন। অক্সিজেন মোড়ে থাকা পুলিশ সদস্যরাও এগিয়ে যান। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়।
পরিদর্শক বলেন, চার নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সুযোগ পেলেই তাঁরা নগরের বিভিন্ন স্থানে এভাবে ছিনতাই করেন। তাঁদের চক্রে আরও ৮-১০ জন সদস্য রয়েছেন। ছিনতাইয়ের শিকার নারী রেনু আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।