ছিনতাই ছাড়ায় খুন হন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের সঙ্গে কাজ করতেন। এক বছর আগে সেই পথ ছেড়ে দিয়ে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন। কিন্তু দল ত্যাগ করাই শেষমেশ কাল হয়ে দাঁড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হানিফ বিশ্বাসের (২৭)।
সন্ত্রাসীরা হানিফকে শ্বাসরোধ করে হত্যার পর উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিসংলগ্ন নর্দমায় ফেলে দেয়। এ ঘটনার প্রায় দেড় মাস পর গত রোববার হানিফের বড় ভাই আলাউদ্দিন বিশ্বাস বাদী হয়ে আটজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার হানিফ বিশ্বাস দীর্ঘদিন স্থানীয় ছিনতাইকারী দলের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় ওই পথ ছেড়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নেন। চলতি বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে সন্তানের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসেন। এ সময় পুরোনো সঙ্গীরা তাঁকে দলে ফিরে আসার জন্য চাপাচাপি শুরু করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা গত ১৩ জুলাই তাঁকে দৌলতদিয়া যৌনপল্লিসংলগ্ন একটি বোর্ডিংয়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর পাশের নর্দমার ডোবায় ফেলে দেয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে। হানিফের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি হত্যা মামলাসহ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ২৯ আগস্ট পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যায়, হানিফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরদিন হানিফের বড় ভাই আলাউদ্দিন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। এসআই আরও বলেন, মামলা দায়েরের পর গত সোমবার রাতে আসামী হেলাল ও কালাচাঁদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের গত মঙ্গলবার আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।