ছিনতাই ঠেকাতে প্রাণ দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই, ছিনতাই—চিৎকার শুনে এগিয়ে যান টুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ হোসেন। ধাওয়া দিয়ে জাপটে ধরেন এক ছিনতাইকারীকে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার সৈকতের কাছে এ ঘটনা ঘটে। পারভেজ হোসেনের (৩০) বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের ইন্দবতী গ্রামে।

ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো কক্সবাজার শহরের ঘোনার পাড়ার আবু তাহের ও আবদুল মালেক। পুলিশের দাবি, তাহেরের ছুরিকাঘাতেই পারভেজের মৃত্যু হয়েছে। পরে সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা থেকে আরও তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, গতকাল সকাল সাতটার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের সামনের সড়কে পাঁচ-ছয়জন ছিনতাইকারী জাকির হোসেন নামের এক পর্যটকের মুঠোফোনসহ টাকা ছিনিয়ে নেয়। ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল পারভেজ। হঠাৎ এক পর্যটকের চিৎকার শুনে এগিয়ে যান তিনি। এ সময় ছিনতাইকারীরা দৌড়ে পাশের বাহারছড়া গোলচত্বর মাঠে চলে যায়। পারভেজসহ টুরিস্ট পুলিশের আরও কয়েকজন সদস্য তাদের ধাওয়া দেন এবং গোলচত্বর মাঠে গিয়ে দুই ছিনতাইকারী আবু তাহের ও আবদুল মালেককে জাপটে ধরেন।

ছিনতাইয়ের শিকার জাকির হোসেনের বক্তব্য জানা যায়নি। ছুটিতে কক্সবাজার সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে দেড় শতাধিক টুরিস্ট পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মোহাম্মদ মতিউল ইসলাম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের কনস্টেবলকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে পুলিশ লাইনস মাঠে পারভেজ হোসেনের জানাজা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, জানাজার পর পারভেজের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হয়েছে।