ছিনতাই, তরুণীকে হয়রানি দুই আনসারকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা এক যুবকের কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ ছিনতাই এবং তাঁর বান্ধবীকে হয়রানির অভিযোগে দুই আনসার সদস্যকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় ও প্রক্টরিয়াল বডির সদস্য সূত্র জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠ-সংলগ্ন সেলিম আল দীন মুক্তমঞ্চের পাশে বান্ধবীকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন এক যুবক। তাঁদের দেখে সেখানে গিয়ে হাজির হন দুই আনসার সদস্য জহুরুল ও জামাল। তাঁরা দুজনের পরিচয় জানতে চান। যুবক তাঁর পরিচয় দিয়ে জানান, তাঁরা সাভার থেকে ক্যাম্পাসে বেড়াতে এসেছেন। এ সময় তাঁর মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন আনসার সদস্যরা। একপর্যায়ে যুবককে দাঁড় করিয়ে রেখে তাঁর বান্ধবীকে নিয়ে অন্য পাশে যান তাঁরা। বেশ কিছুক্ষণ পার হলেও বান্ধবীকে নিয়ে আনসার সদস্যরা ফিরে না এলে যুবক তাঁদের খুঁজতে থাকেন। তিনি এক শিক্ষার্থীর মুঠোফোন থেকে তাঁর বন্ধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি জানান।
আবদুল্লাহ আল মামুন এবং তাঁর বন্ধু পিকুল ইসলাম ও আসাদুল্লাহ ঘটনাস্থলে এসে বিষয়টি অন্য আনসারদের জানান। প্লাটুন কমান্ডার লিটন মিয়া আনসার সদস্য জহুরুল ও জামালকে ডেকে পাঠান। কিন্তু জহুরুল ও জামাল সব অস্বীকার করেন। মেয়েটি কোথায় আছে তা-ও তাঁরা জানেন না বলে দাবি করেন। তখন উপস্থিত সবাই তাঁদের মারধর করেন।
আবদুল্লাহ আল মামুন তাঁর বন্ধুর বরাত দিয়ে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মেয়েটি তাঁর বাসায় পৌঁছেছেন। সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’