ছিনতাই নাটক সাজাতে গিয়ে ধরা খেলেন বাদল
ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে—এমন অভিযোগ করার চার ঘণ্টা পর অভিযোগকারী বাদল মিয়ার বাড়ির রান্নাঘর থেকে ওই টাকা উদ্ধার করেছে পুলিশ।
পরে ভুল তথ্য দেওয়ার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। ছিনতাই নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরা পড়ার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে।
পুলিশ জানায়, বাদলের বাড়ি পৌর শহরের বাগরাইট মহল্লায়। প্রতিবেশী বাতেন মিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। বাতেনের এক ছেলে দুবাইপ্রবাসী। বাতেনের নিজের কোনো ব্যাংক হিসাব নম্বর নেই। তাই ছেলে বিদেশ থেকে বাদলের হিসাব নম্বরে টাকা পাঠিয়ে আসছিলেন। কিছুদিন আগে বাদলের পূবালী ব্যাংক হিসাব নম্বরে প্রবাসী ছেলে বাতেনের জন্য পাঁচ লাখ টাকা পাঠান। টাকা তুলে দিতে বললে মঙ্গলবার দুপুরে বাদল পূবালী ব্যাংক কটিয়াদী শাখা থেকে টাকা তোলেন। কিছুক্ষণ পর বাদল থানায় গিয়ে অভিযোগ করেন, স্থানীয় কলামল মসজিদ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে ওই টাকা ছিনতাই করে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ টাকা উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাদল অসংলগ্ন তথ্য দেওয়ার পর সন্দেহ বাড়ে। একপর্যায়ে বাদল পুলিশের কাছে ছিনতাই নাটকের কথা স্বীকার করেন। পরে বাদলের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির রান্নাঘরে বস্তায় রাখা পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। ছিনতাই নাটক সাজাতে সাহায্য করায় পুলিশ আবদুর রহমান নামের এক রিকশাচালককেও গ্রেপ্তার করে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম বলেন, টাকা আত্মসাতের উদ্দেশ্যে বাদল এ নাটক সাজিয়েছিলেন। সফল হননি। ধরা খেয়েছেন।
তিনি জানান, পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বাতেন মিয়া বলেন, ‘আমি পড়াশুনা জানি না। ব্যাংকও বুঝি না। এ কারণে বাদলরে বিশ্বাস করছিলাম।’
বাদল সাংবাদিকদের বলেন, সাইকেল মেরামত করে তাঁর সংসার চলছিল না। এ কারণে ওই টাকার প্রতি লোভ হয়। বিশ্বাস ভঙ্গ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।