ছিনতাই বেড়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত দুই মাসের ব্যবধানে অন্তত ১৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন।
তবে পুলিশ বলছে, ওই এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যাওয়ার কোনো খবর তাদের কাছে নেই। গত দুই মাসে ছিনতাই-সংক্রান্ত কোনো অভিযোগ কেউ করেনি।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাহমুদা আশরাফি গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের টিভিগেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাঁর ট্যাব, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিয়ে গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের পাশের ইকোপার্ক, প্রধান ফটকের সামনের টিলা, শাহ সুফির মাজার, বালুচর, টিলাগড় সড়ক এলাকায় অন্তত ১৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফায়েজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় এলাকাটি অন্যান্য এলাকার চেয়ে খুবই নির্জন। আর প্রায়ই এ সুযোগ কাজে লাগাচ্ছে ছিনতাইকারীরা।
সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকাটি নির্জন স্থানে অবস্থিত হওয়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতে পারে।