ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছিনতাই মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. জসীম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে নগরের মিয়াখান নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ। মামলার অভিযোগপত্রে বাবার নাম ভুল থাকায় এত দিন গ্রেপ্তার এড়িয়ে ছিলেন জসীম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে জানান, ২০০৯ সালের আগস্ট মাসে নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকায় জসীম ও জাফর ছিনতাই করতে যান। এ সময় পুলিশের হাতে জাফর ধরা পড়লেও জসীম পালিয়ে যান। এ ঘটনায় করা মামলায় একই বছরের নভেম্বর মাসে আদালত জসীম ও জাফরকে দুই বছর করে কারাদণ্ড দেন। অভিযোগপত্রে বাবার নাম নুরুল ইসলামের স্থলে মৃত জাফর লেখা হওয়ায় গ্রেপ্তার এড়িয়ে ছিলেন জসীম। সম্প্রতি সাজা খেটে কারাগার থেকে বের হন জাফর। তিনিই শনাক্ত করেন জসীমকে। পরে অভিযোগপত্রে বাবার নাম সংশোধন করে জসীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।