ছিনতাই হওয়া সেই গাড়ি উদ্ধার
রাজধানীর বনশ্রী এলাকায় গত রোববার গভীর রাতে চালককে গুলি করে ছিনতাই করা সেই গাড়িটি গতকাল সোমবার রাতে উদ্ধার হয়েছে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশ থেকে গাড়িটি উদ্ধার করেছে টহল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ঢাকা-মাওয়া সংযোগ সড়কে টহল দেওয়ার সময় পুলিশ একটি গাড়িকে (টয়োটা এক্স এক্সিও) দ্রুতগতিতে মাওয়ার দিকে যেতে দেখে। তল্লাশির জন্য চালককে থামার সিগন্যাল দেওয়া হলে তিনি গাড়িটি সড়কের এক পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে গাড়িটিকে সেখান থেকে উদ্ধার করা হয়।
চালককে গুলি করে গাড়ি ছিনতাই হাতকড়া পড়া লাশ উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, উদ্ধার হওয়া গাড়িটি যে ছিনতাই হওয়া সেই গাড়ি, বিষয়টি রামপুরা থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে।
নয়া পল্টনের মানতেন মোটরস নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের জন্য আমদানি করা টয়োটা এক্স এক্সিও গাড়িটি নিয়ে গত রোববার মংলা সমুদ্রবন্দর থেকে ঢাকায় ফিরছিলেন চালক ফারুক খাঁ। কিন্তু পথে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে গাড়িটি নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাতকড়া পরা অবস্থায় নিহত গাড়িচালক ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ।
বনশ্রীর বি-ব্লকের এক গাড়ি ব্যবসায়ীর বাসার নিচতলার গ্যারেজে গাড়িটি রাখার কথা ছিল। সেখানে যাওয়ার আগেই সি-ব্লকের মাথায় বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ফারুক খাঁকে গুলি করে গাড়িটি নিয়ে যায়। আর মসজিদের পেছনেই বনশ্রী পুলিশ ফাঁড়ি। কিছু দূরে রামপুরা থানা। ওই পথে ঢোকার মুখেও ছিল পুলিশের তল্লাশি চৌকি।
এ ঘটনায় নিহত ফারুক খাঁর ভাই বাদশা খাঁ গতকাল সোমবার রামপুরা থানায় হত্যা মামলা করেছেন।