ছিনতাই হওয়া অটোরিকশাটি মাটি খুঁড়ে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালক আবু হানিফার (২৭) লাশ উদ্ধারের দুই দিন পর গতকাল শুক্রবার সকালে মাটির নিচ থেকে তাঁর অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে যাওয়ার পথে চালক আবু হানিফা নিখোঁজ হন। গত বুধবার সকালে গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের ডালিয়া বিলের একটি কালভার্টের নিচ থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। আবু হানিফার বাড়ি নান্দাইল উপজেলার বারইগ্রামে। এ ঘটনায় আবু হানিফার ভাই শওকত আলী বাদী হয়ে বুধবার রাতে গৌরীপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আবু হানিফাকে হত্যায় জড়িত সন্দেহে গৌরীপুর পৌর এলাকা থেকে বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সাইফুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল অটোরিকশা ছিনতাইয়ের জন্য আবু হানিফাকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ইয়ারপুর গ্রামে সাইফুলের বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে মাটি খুঁড়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার এসআই আমিনুর রহমান বলেন, সাইফুল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।