ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
মাইক্রোবাসের চালক আবুল খায়ের জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে কুমিল্লার মুরাদনগর যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি চার হাজার টাকায় তাঁদের মাইক্রোবাস ভাড়া করেন। রাত প্রায় সোয়া নয়টার দিকে এক নারীসহ ছয়জন যাত্রী নিয়ে তাঁরা ঢাকা থেকে যাত্রা করেন। রাত সাড়ে ১২টার দিকে মুরাদনগরে তাঁকে মারধর করে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে যাত্রীবেশী ছিনতাইকারীরা মাইক্রোবাসটি নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, রাত তিনটার দিকে লালপুর এলাকায় ফেনীর মহিপাল হাইওয়ে থানার পুলিশ মাইক্রোবাসটি ধাওয়া করে আটক করে। এ সময় মাইক্রোবাসে থাকা কয়েকজন পালিয়ে যায়। পুলিশ সজল (২০) ও হোসনে আরা বেগম (২৬) নামের দুজনকে আটক করে। মাইক্রোবাসটি মহিপাল হাইওয়ে থানায় এবং আটক দুজনকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।