ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রামে গত শনিবার ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরুণেরা হলেন ঢাকার ধামরাই উপজেলার হাতকড়া গ্রামের রুবেল মিয়া, জলিল হোসেন, হাসান মিয়া ও তামিম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সদরের বারাহির চর গ্রাম থেকে জিয়াউর রহমান মোটরসাইকেলে করে জেলা শহরের গঙ্গাধরপট্টির বাসায় যাচ্ছিলেন। রাত নয়টার দিকে মকিমপুর এলাকায় একটি সেতুর কাছে ওত পেতে চার তরুণ তাঁর পথরোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জিম্মি করে মোটরসাইকেলটি নিয়ে যান। বিষয়টি জিয়াউর মুঠোফোনে তাঁর স্বজনদের জানান। এরপর দেড়গ্রাম থেকে মোটরসাইকেলসহ চার তরুণকে আটক করে গ্রামবাসী। খবর পেয়ে রাত ১১টায় চারজনকে আনতে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করা হলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে রুবেলের হাঁটুর নিচে গুলি লাগে। তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।