ছিনতাই হওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধার গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে গত শুক্রবার ছিনতাই হওয়া ৩০০ বস্তা সিমেন্টবোঝাই ট্রাকটি পুলিশ উদ্ধার করেছে। গত শনিবার ঢাকার তেজগাঁও এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন ও রুহুল আমিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপপরিদর্শক আবদুল হক সিকদার বলেন, শুক্রবার রাতে উপজেলার মেঘনা ঘাট থেকে হোলসিম সিমেন্টবোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার উদ্দেশে রওনা হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে পুলিশ পরিচয়ে কয়েকজন ছিনতাইকারী ট্রাকটি ছিনতাই করে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
আবদুল হক সিকদার আরও বলেন, এ ঘটনায় পরিবহন ট্রান্সপোর্টের ব্যবস্থাপক সুমন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।