ছিনতাই হওয়া ৩২০ বস্তা চিনি উদ্ধার, আটক তিনজন
বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধ এলাকায় ভুতবাড়ি গ্রামে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে পুলিশ ৩২০ বস্তা (৬ টন) চিনি উদ্ধার করেছে। সেই সঙ্গে এই চিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে নুরুল ইসলামের বাড়িতে একটি ট্রাক থেকে চিনির বস্তা নামানো হয়। এসব চিনির বস্তার গায়ে ‘দেশবন্ধু’ লেখা ছিল। এসব বস্তা খুলে চিনি ‘ইগলু’ লেখা বস্তায় ভরা হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ধুনট থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৩২০ বস্তা চিনি উদ্ধার করে। এ সময় সেখান থেকে সিরাজগঞ্জের আমিনুর রহমান (৩৫), শহিদুল ইসলাম (৩২) ও সোনার উদ্দিন (৪০) নামের তিনজনকে আটক করা হয়। অন্যরা ট্রাকটি নিয়ে পালিয়ে যান।
থানার হাজতে আটক আমিনুর রহমান বলেন, চিনিগুলো তাঁরা এক মহাজনের কাছ থেকে কিনেছিলেন। ছিনতাই করা চিনি কি না তা তিনি জানেন না।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, উদ্ধার করা চিনি লালমনিরহাটের এক ব্যবসায়ীর। গত শুক্রবার রাতে ঢাকা থেকে লালমনিরহাট নেওয়ার পথে ট্রাকসহ চিনিগুলো ছিনতাই হয়। চিনির মালিককে কাগজপত্রসহ ডাকা হয়েছে।