মহাসড়কে পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে চার ছিনতাইকারী ও দুই ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর ও গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গত মঙ্গলবার তাঁদের আটক করা হয়। একই সঙ্গে পুলিশ ১৭ টন সয়াবিন তেলসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুনসুর রহমান, জুবায়ের হোসেন, শরিফ মিয়া, লালন ফকির, ফকরুল ইসলাম, ওবায়দুল ইসলাম ও রফিক মিয়া।
তাঁদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ৬ জানুয়ারি তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডিবির পক্ষ থেকে সাভার থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গতকাল বুধবার রাত সাড়ে নটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের আদালতে পাঠানো হয়নি।
ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তি ও তাঁদের সহযোগীরা গত এক মাসে ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর-টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা এবং গাজীপুরের শফিপুর ও টাঙ্গাইলের মির্জাপুর থেকে সয়াবিন তেলবাহী পাঁচটি ট্রাক ছিনতাই করেন। ছিনতাই হওয়া এসব ট্রাকের প্রতিটিতে প্রায় ১১ টন করে তেল ছিল। এর মূল্য ৫০ লাখ টাকার বেশি।
ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, ৬ জানুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে ডাকাতির চেষ্টাকালে গুলি করে শাজাহান নামের একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ মুনসুর, জুবায়ের, শরিফ ও লালনকে আটক করা হয়। এর পরই গাজীপুরের বোর্ডবাজার থেকে রফিক নামের এক সহযোগীসহ ফকরুল ও ওবায়দুল নামের দুই ব্যবসায়ীকে আটকের পর তাঁদের গুদাম থেকে প্রায় ছয় টন ওজনের ৩১ ড্রাম লুট হওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই করা তেল বিক্রির ১ লাখ ৯৬ হাজার টাকাও উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে ওই দিনই মির্জাপুরের পাকুল্লা থেকে উদ্ধার করা হয় ১১ টন ওজনের ৬০ ড্রাম সয়াবিন তেল।
ডিবি পুলিশের হেফাজতে থাকা মুনসুর ও জুবায়ের জানায়, দীর্ঘদিন ধরে তাঁরা মহাসড়কে তেলবাহী ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছেন। তাঁদের দলে অন্তত ২০ জন লোক রয়েছে। ক্রেতার সঙ্গে দর মিটিয়েই তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নেন।
তাঁরা আরও জানান, ৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা ও মির্জাপুর থেকে দুই ট্রাক সয়াবিন তেল ছিনতাই করেন তাঁরা। ওই দুই ট্রাকে ২২ টন তেল ছিল। এর মধ্যে এক ট্রাক তেল তাঁরা বিক্রি করেন বোর্ডবাজারের ব্যবসায়ী ফকরুল ও ওবায়দুলের কাছে। অপর ট্রাকটি তাঁরা মির্জাপুরের পাকুল্লায় রেখে বিক্রির চেষ্টা করছিলেন।
তবে ফকরুল ও ওবায়দুল বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা রফিকের সহায়তায় মুনসুর ও জুবায়েরদের কাছ থেকে তেল ক্রয় করে আসছিলেন। কিন্তু ছিনতাইয়ের ঘটনা তাঁদের জানা ছিল না।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় রড-সিমেন্ট, সয়াবিন তেল, সুতা, কাপড় ও চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের একাধিক চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রের মধ্যে রড ও তেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।