ছিনতাইকারী ধরতে গিয়ে নিরাপত্তাকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশগামী এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় একজনকে জাপটে ধরেছিলেন একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী শাহ আলম (২৪)। ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাহ আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার লালবাগে এ ঘটনা ঘটে।
নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে দুই ছিনতাইকারী পালানোর সময় একজনকে আশপাশের লোকজন ধরে পিটুনি দেয়। তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে।
পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে কামরাঙ্গীরচর থেকে জিয়া নামের দুবাইগামী এক ব্যক্তি রিকশায় লালবাগ আসেন। সঙ্গে তাঁর একজন স্বজনও ছিলেন। লালবাগ রহমত উল্লাহ স্কুলের কাছ থেকে তাঁদের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্কুলের সামনে আসামাত্র দুই ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা ও পাসপোর্ট কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে। তখন সড়কের পাশে থাকা নিরাপত্তাকর্মী শাহ আলম তাঁদের একজনকে জাপটে ধরলে আরেকজন তাঁকে ছুরিকাঘাত করতে থাকে। চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে ধরে ফেললেও আরেকজন পালিয়ে যান।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাইকারী যুবকের নাম কামাল বলে জানা গেছে। তার কাছ থেকে ১০ হাজার টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। জিয়া ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন। তবে তাঁর সঙ্গে থাকা স্বজন এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অপর ছিনতাইকারীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।