ছিনতাইকারী ধরতে গিয়ে ৫ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় ছিনতাইকারী ধরতে গিয়ে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ভাষ্য, এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গিয়ে আহত হন তাঁরা। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। গতকাল রোববার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর, কনস্টেবল মো. রাকিব ও আবুল খায়ের। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত দুই ছিনতাইকারী হলেন মো. রাসেল (১৮) ও মো. রুবেল (২০)। তাঁদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের ভাষ্য, গতকাল দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের একজন মাঠ কর্মকর্তাকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে তিন ছিনতাইকারী। বিকেলে গ্রামবাসীর সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর দেওয়া তথ্য অনুসারে, গতকাল রাতে পুলিশ ছিনতাইকারী ধরতে আনন্দিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা শর্টগানের গুলি ছোড়ে। এতে দুই ছিনতাইকারী আহত হন। এ সময় পাঁচ পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি গুলি, দুটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে।