ছিনতাইকারী ধরার পর মিলল ৯০টি ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের একটি চক্রকে ধরার পরে তাদের কাছ থেকে ৯০টি ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই চক্রটি রিকশাযাত্রী বা পথচারীদের কাছ থেকে টান দিয়ে বা অন্য উপায়ে ল্যাপটপ চুরি-ছিনতাই করতেন। পরে এগুলোর উল্লেখযোগ্যসংখ্যক অনলাইন বাজারে বিক্রি করা হতো।

গত শনিবার রাতে রাজধানীর মিরপুর, পল্টন ও পান্থপথ এলাকা থেকে এই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন খলিল গাজী, আবুল কালাম, এমদাদুল হক, হাসিবুর রহমান ওরফে শুভ্র, মনির ব্যাপারী ও মুশফিকুর রহমান। তাঁদের প্রথম তিনজন সরাসরি চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত, পরের তিনজন এগুলো সংরক্ষণ ও বিক্রি করতেন। গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় ডিবি।

সেখানে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ডিবির একটি দল প্রথমে মিরপুর-২ নম্বরে স্টেডিয়াম এলাকা থেকে খলিল গাজী, আবুল কালাম ও এমদাদুল হককে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে পল্টন এলাকা থেকে মনির ব্যাপারীকে এবং মিরপুরের টোলারবাগের বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। হাসিবুরের বাসা থেকেই উদ্ধার করা হয় ৫৬টি ল্যাপটপ। এরপর তাঁর দেওয়া তথ্যানুযায়ী পান্থপথের একটি ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুশফিকুরের দোকান এবি ইলেকট্রনিক্স থেকে আরও ৩৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

যুগ্ম কমিশনার বলেন, খলিল গাজী, কালাম ও এমদাদুলের কাজ ছিল পথচারী বা রিকশাযাত্রীদের ব্যাগ টান দিয়ে বা ভয় দেখিয়ে ল্যাপটপসহ ব্যাগ ছিনতাই করা। এ ছাড়া তাঁরা আরও বিভিন্ন কৌশলে ল্যাপটপ চুরি করতেন। এরপর তাঁরা মনিরের কাছে সেগুলো বিক্রি করতেন। মনির বিক্রি করতেন হাসিবুরের কাছে। হাসিবুর এসব ল্যাপটপের মধ্যে কিছু অনলাইনে বিক্রি করতেন। আর ভালো ব্র্যান্ডের ল্যাপটপগুলো পান্থপথের শপিং মলে মুশফিকের কাছে বিক্রি করতেন তিনি।

ল্যাপটপগুলো মালিকদের কাছে ফেরতের চেষ্টা করা হবে জানিয়ে যুগ্ম কমিশনার বলেন, ল্যাপটপ চুরি-ছিনতাইয়ের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় অনেক জিডি রয়েছে।