ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় গণপিটুনিতে সুমন মোল্লা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ছিনতাইকারী সন্দেহে গতকাল বুধবার বিকেলে গণপিটুনির শিকার হয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তপু ব্যানার্জি (২৭) নামের অপর এক যুবক আহত হন। যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছিনতাইয়ের মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। নিহত সুমন যশোর শহরের বেজপাড়া এলাকার রবিউল মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃত তপুর বাড়িও একই এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আকবর আলীর ছেলে ইনামুল হক বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে গতকাল যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। তাঁর হাতে থাকা মুঠোফোন সেট ও নগদ টাকা দুই যুবক ছিনিয়ে দৌড় দেয়। পেছনে ধাওয়া করে স্থানীয় লোকজন ওই দুই যুবককে ধরে গণপিটুনি দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পৌনে ছয়টার দিকে সুমন মোল্লার মৃত্যু হয়।