ছিনতাইকারীর হামলায় আহত সত্যগোপালের মৃত্যু
নগরের মাঝিরঘাট এলাকায় ছিনতাইকারীদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত সত্যগোপাল ভৌমিক (৫০) মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সত্যগোপাল মাঝিরঘাটের সাহা করপোরেশন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাঝিরঘাটের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তিনি নগদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে রিকশায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের অপর কর্মচারী বাবুল দাশ। ছিনতাইকারীরা ককটেল ও গুলি ছুড়ে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীদের প্রতিরোধে এগিয়ে এলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে নিজেদের কাছে থাকা ককটেল বিস্ফোরণে অজ্ঞাতনামা ওই দুই ছিনতাইকারীদের একজন ঘটনাস্থলেই মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যায়। এর আগে ছিনতাইকারীদের গুলি ও ককটেলে সত্যগোপাল ও বাবুলসহ অন্তত সাতজন আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ ৪০ হাজার টাকা, দুটি অস্ত্র এবং ১৬টি গুলি উদ্ধার করে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সাহা করপোরেশনের মালিক সুখদেব সাহা জানান, সত্যগোপাল ভৌমিক সকালে মারা গেছেন। এ ছাড়া এ ঘটনায় আহত তাঁদের অপর কর্মচারী বাবুল এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সদরঘাট থানায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে থানার পরিদর্শক (তদন্ত) মর্জিনা আক্তার জানান। তিনি বলেন, অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী মারা গেছে। তাদের নাম পরিচয় পাওয়া গেলে এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন