ছিনতাইকারীকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিকেলে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন মো. রাছেল (২৫) নামের এক তরুণকে আটক করেন। পরে তাঁরা পুলিশে খবর দিয়ে তাঁকে ঘেরাও করে রাখেন। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরনবী খোকন এসে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
রাছেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফরের সহযোগী। আর জাফর আওয়ামী লীগের ওই নেতার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামপুর গ্রামের খোরশেদ আলম মজিরগাঁ কৃষি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ শ্যামপুর আলী ব্যাপারীবাড়ির সামনে পৌঁছালে রাছেল ও তাঁর তিন-চার সহযোগী টাকা ছিনতাই করেন। এ সময় খোরশেদ চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রাছেলকে টাকাসহ আটক করেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার ২০-২৫ মিনিট আগে নূরনবী এসে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যান। তিনি রাছেলের কাছ থেকে টাকাগুলো রেখে তাঁকে ছেড়ে দেন।
তবে নূর নবী খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি পৌঁছার আগেই রাছেল পালিয়ে যায়। টাকা রেখে দেওয়ার অভিযোগও ঠিক নয়।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই নূর নবী ছিনতাইকারীকে তুলে নিয়ে তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। রাছেল তালিকাভুক্ত সন্ত্রাসী আবু জাফরের সহযোগী।