ছিনতাইকারীকে ধরিয়ে দিলেন আহত তরুণী
আহত হয়েও দুর্দান্ত সাহস দেখিয়ে ছিনতাইকারীকে পাকড়াওয়ে সাহায্য করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক তরুণী। গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ঘটেছে এ ঘটনা।
ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হন তাবাসসুম (পুরো নাম প্রকাশ করা হলো না) নামের ওই শিক্ষার্থী। আহত হাত নিয়েই তিনি দুই ছিনতাইকারীর একজনকে জাপটে ধরে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন ছুটে এসে মামুন (২২) নামের এক যুবককে ধরে গণপিটুনি দেয়।
আহত তাবাসসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাবাসসুম প্রথম আলোকে বলেন, তিনি শেখেরটেকের একটি বাসায় প্রাইভেট পড়িয়ে রাত সাড়ে নয়টার দিকে বের হন। এ সময় দুই যুবক তাঁর পথ আটকে অস্ত্রের মুখে হাতব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে এক যুবক চাপাতি দিয়ে কোপ দেয়। কোপ তাবাসসুমের হাতে লাগে। তবে আহত হাত নিয়েও এক যুবককে জাপটে ধরে চিৎকার করেন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে ধরে ফেলে। তাঁর সঙ্গে থাকা আরেক যুবক পালিয়ে যান। চাপাতিসহ ধরা পড়া মামুনকে লোকজন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনূর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইকারী মামুনকে চাপাতিসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরেক যুবককে ধরার চেষ্টা চলছে।