ছিনতাইকারীদের কবলে পড়ে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভোরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মিলন (২৫) ও রনি (১৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বলধা গার্ডেনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন মিলন। তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাঁর কাছ থেকে কিছু নিতে পারেনি ছিনতাইকারীরা।

অন্যদিকে গতকাল রাত পৌনে ১১টার দিকে লালবাগের একটি কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইয়ের শিকার হয় রনি। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা ২০ হাজার টাকা নিয়ে যায় বলে স্বজনদের ভাষ্য।