ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশকর্মীর মৃত্যু
রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) আজ রোববার ভোর পাঁচটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার তিনি গুলিবিদ্ধ হন।
রবিউলের বাড়ি রাজশাহী নগরের কাজলা এলাকায়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচার করে রবিউলের শরীর থেকে চারটি গুলি অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের দুই দিন পর গত শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর জ্ঞান ফেরে। সে সময় আইসিইউতে দায়িত্বরত একজন চিকিৎসক জানান, জ্ঞান ফেরার পরে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তবে তাঁকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
অস্ত্রোপচারের পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গুলিতে তাঁর শরীরের ভেতরে অনেক জখম হয়েছে। সেগুলো ঠিক করা হলেও তাঁকে শঙ্কামুক্ত বলা যাবে না।
আজ রোববার সকালে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিকাশকর্মী রবিউল ইসলাম ও মোমিনুল ইসলাম একটি মোটরসাইকেলে বিকাশের টাকা নিয়ে আরেকজন বিকাশ এজেন্টের কাছে যাচ্ছিলেন। নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় একটি মোটরসাইকেল তাঁদের পিছু নেয়। তাতে তিনজন আরোহী ছিল। পেছনের মোটরসাইকেল থেকে তাঁদের গুলি করা হয়। এতে রবিউলের পিঠে ও পাঁজরে চারটি লাগে। সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছিলেন মোমিনুল ইসলাম। তিনি দৌড়ে পালানোর সময় ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করেন। তিনি একটি বাড়ির ভেতরে ঢুকে বেঁচে যান।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এই ঘটনায় বিকাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে সালমান বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়ে যাবে। এই মামলায় গত শনিবার নগরের তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে জনী ও শহিদুল নামের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ তাঁদের রিমান্ডের আবেদন জানানো হবে।