ছিনতাইকারীদের গুলিতে দুজন আহত
নরসিংদীতে ছিনতাইকারীদের গুলিতে গতকাল বুধবার এক ব্যবসায়ী আহত হয়েছেন। একই দিন গাজীপুরের শ্রীপুরে এক যুবককে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) প্রতিনিধি হামিদুল ইসলাম (২৫) বিকেলে শহরের বড় বাজারের ফলপট্টি এলাকা থেকে ১ লাখ ২৩ হাজার টাকা নিয়ে তাঁর কার্যালয়ে ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হন বাজারের ফল ব্যবসায়ী রাজন পাল (১৮)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা। রাজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার থেকে দুপুরে মোটরসাইকেলে মাওনা চৌরাস্তায় আসছিলেন একটি মুঠোফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোক্তাদির এলাহী (৩৫)। এ সময় আরেকটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তালহা স্পিনিং মিলের কাছে তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৮৬ হাজার ৫০০ টাকা ও ৩০ হাজার টাকার স্ক্র্যাচকার্ড ছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে মাওনা আলহেরা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।