ছিনতাইকারীদের গুলিতে বিকাশ কর্মী নিহত
টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাইকারীদের গুলিতে এক বিকাশ কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম শেখ আবদুল হামিদ। বয়স আনুমানিক ৫০ বছর। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত হামিদের বাড়ি বাগেরহাটের রামপাল থানার বড়কাতলা এলাকায়। তিনি বিকাশের টঙ্গী শাখার কর্মী ছিলেন।
এলাকার অন্তত তিনজনের ভাষ্য, আবদুল হামিদ টঙ্গীর সাতাইশ এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলে বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে ওই এলাকাতেই ছিনতাইকারীরা একটি মোটরসাইকেলে করে তাঁর গতিরোধ করে। পরে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর বুকে ও মাথায় গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে বিকাশ কর্মী হামিদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী সাতাইশ এলাকার ব্যবসায়ী মনির হোসেন জানান, একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তাঁকে গতিরোধ করে। এ সময়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা কয়েকটি গুলি ছুড়ে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া ইসলাম জানান, হামিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে তিনটি ও মাথায় একটি ক্ষত রয়েছে। তবে তা গুলিতে সৃষ্ট ক্ষত কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিদ্দিকুর রহমান জানান, ছিনতাইকারীদের গুলিতে বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর ব্যাগে কত টাকা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিকাশের টঙ্গী শাখার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১০ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন।