ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী আহত, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছিনতাইকারীদের গুলিতে বিকাশ এজেন্ট ও ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী খাইরুল ইসলাম আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কালিহাতী উপজেলার রতনগঞ্জ সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যবসায়ী খাইরুল ইসলামের (৩০) বাড়ি সখীপুর উপজেলার আমবাগ গ্রামে। তাঁকে বৃহস্পতিবার রাতেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে আটক হওয়া ব্যক্তির নাম আয়নাল (৩০)। তাঁর বাড়ি কালিহাতী উপজেলার সোমজানী গ্রামে।
খাইরুলের চাচাতো ভাই মেহেদী হাসান ও পুলিশ জানায়, কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারের পাঁচকিয়া টেলিকমের নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক খাইরুল ইসলাম। তিনি এখানে বিকাশে টাকা লেনদেন ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করেন। গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় তিনি তাঁর চাচাতো ভাই নাহিদকে নিয়ে হেঁটে সখীপুর উপজেলার আমবাগ গ্রামে বাড়ি ফিরছিলেন। এ সময় রতনগঞ্জ সেতুটি পার হয়ে পূর্ব পাশে আসলে পাঁচজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। টের পেয়ে খাইরুল দৌড় দিলে ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে। একপর্যায়ে নাহিদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল দ্রুত পালিয়ে যায়।
কালিহাতী থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় খাইরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় আয়নালকে আটক করা হয়েছে।