ছিনতাইকারীদের চক্রে তাঁরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা পাঁচজন। পড়েন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কারও বাবা উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা, কারও বাবা রাজনীতিবিদ। রয়েছে তাঁদের পারিবারিক সুনাম। কিন্তু পরিবারের অগোচরে পাঁচ ছাত্রই ঢুকে পড়েছেন অন্ধকার এক জগতে। গত আগস্ট মাসে চট্টগ্রাম নগরে পৌনে ১১ লাখ টাকা ছিনতাইয়ের এক ঘটনায় ওই পাঁচ ছাত্রের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। এঁদের একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
ছিনতাইয়ের ওই ঘটনায় পাঁচ ছাত্রসহ মোট ১৬ ব্যক্তি জড়িত ছিলেন বলে পুলিশ জানায়। এর মধ্যে এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের মধ্যে কলেজপড়ুয়া তরুণও আছেন। গ্রেপ্তার হওয়া দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১৭ আগস্ট দুপুরে চট্টগ্রামের জুবিলি রোডের শাহ আমানত মার্কেটের সামনে থেকে একটি প্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাত করে ১০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত ওই কর্মচারী ‘কর্ণফুলী এজেন্সি’ নামের একটি টাইলস দোকানের কর্মী। ছিনতাইয়ের ঘটনায় ওই দিন রাতেই কর্ণফুলী এজেন্সির মালিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর মধ্যে এইচ এম শাহরিয়ার ওরফে সিফাত নামের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি পাঁচজনের মধ্যে কলেজছাত্রও রয়েছেন। আর এঁদের মধ্যে দুজন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছাত্ররা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কাঁরও বাবা উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা, কারও বাবা রাজনীতিবিদ। শিক্ষিত পরিবারের সন্তান হয়েও এঁরা ছিনতাইয়ে জড়িয়ে পড়ার ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র হলেন সিফাত, অমিত, মাইনুল, আসিফ ও ইব্রাহিম। সিফাত ছাড়া বাকি চারজনই পলাতক।’
পুলিশ জানায়, আসিফ ছাড়াও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন সোহেল আহম্মদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আনিস ও সাইয়েদ আহম্মদ ওরফে ফয়সাল। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফয়সাল ও মোহাম্মদ আনিস।
আদালত ও পুলিশ সূত্র জানায়, গত ২১ অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোহাম্মদ আনিস বলেন, ১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টায় শাহ আমানত মার্কেটের সামনে তাঁদের নেতা জাফর সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেন। পরিকল্পনা অনুযায়ী অমিত, সিফাত ও মাইনুল এক ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁকে মারধরের পর ঊরুতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে জহুর হকার্স মার্কেটের দিকে দৌঁড়ে চলে যান আনিস। আনিসের সঙ্গে সঙ্গে ফয়সাল, সিফাত, মাইনুলও একই পথে পালিয়ে যান। পরে লালদিঘি পেট্রলপাম্পের সামনে থেকে একটি বাসে উঠে তাঁরা সবাই দিদার মার্কেটে উপস্থিত হন। আর বাকি সদস্যরা অটোরিকশা নিয়ে দিদার মার্কেটে পৌঁছান।
পুলিশ জানায়, জবানবন্দিতে আনিস বলেছেন, দিদার মার্কেটের পাশে সিঅ্যান্ডবি কলোনির একটি মাঠে তাঁরা সব টাকা গোনেন। ব্যাগে ১০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ছিল। এর মধ্যে পাঁচ লাখ টাকা তাঁদের নেতা জাফরকে দেওয়া হয়। সিফাত, মাইনুল, অমিত, ফয়সাল ও আনিস ৮০ হাজার টাকা করে নিয়েছেন। বাকি টাকা ইয়াছিন, শাওন, সেলিম, আসিফ, নাদিম, শাওন ও ইমতিয়াজের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২১ অক্টোবর অন্য আসামি সাইয়েদ আহম্মদ ওরফে ফয়সালও জবানবন্দি দিয়েছেন। আনিসের জবানবন্দির সঙ্গে তাঁর জবানবন্দির মিল রয়েছে।
এ বিষয়ে ওসি জসীম উদ্দীন বলেন, আসামি জাফর ছিনতাইকারীদের দলটির নেতা। তাঁর কারণেই শিক্ষিত পরিবারের কয়েকজন যুবক বিপজ্জনক এক পথে পা বাড়িয়েছেন। জাফরকে ধরতে অভিযান চলছে। অন্য আসামিরাও ধরা পড়বে।
ছিনতাইয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জড়িত থাকার বিষয়ে কর্ণফুলী এজেন্সির মালিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ। আসামি যাঁরাই হোক, সবার সাজা চাই।’