ছিনতাইকারীদের চিনে ফেলায় ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের চিনে ফেলায় চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইসলামের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি আলতাফ হোসেন এ কথা বলেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার এসআই শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম জানান, জবানবন্দিতে আলতাফ হোসেন বলেছেন, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন প্রতিদিন রাতে দোকান থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরতেন। এ কারণে তিনিসহ পাঁচজন ছিনতাই করতে যান। মেজবাহ তাঁদের চিনে ফেলেছেন, এমন ধারণায় তাঁকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে একটি গুলি করা হয়।
গত শনিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মিঠানালা ইউনিয়নের মধ্যম মালিয়াইশ গ্রামে মেজবাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার তাঁর স্ত্রী ফাতেমা কানিজ সীমা আলতাফসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। সোমবার পুলিশ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে আলতাফকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দীন শিকদার প্রথম আলোকে বলেন, আলতাফ এ ঘটনায় জড়িত অন্যদের নামও বলেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।