ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আলমসাধু চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সদর উপজেলার পাটকেলপোতায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে আজ শুক্রবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাসির উদ্দিন (৪০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহত নাসিরের বাড়ি মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের শিশিরপাড়া এলাকায়।

নিহতের ছোট ভাই ইসরাইল হোসেনের ভাষ্য, সন্ধ্যা সাতটার দিকে নাসির আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত একটি ক্ষুদ্র যানের স্থানীয় নাম) চালিয়ে স্থানীয় বারাদী বাজার থেকে শিশিরপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাটকেলপোতায় যাত্রী ছাউনির সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর গাড়ির গতিরোধ করে। এরপর উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁকে রাস্তায় ফেলে আলমসাধু নিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। রাত আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজীবুল বলেন, নাসিরের ডান হাত ও পিঠে বড় ধরনের জখম হয়েছে। পিঠের ছুরির আঘাতে ফুসফুস ছিদ্র হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। লাশ মর্গে রাখা আছে।