ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বাপেক্স প্রকৌশলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে শাজাহান আলী (৫৪) নামের এক প্রকৌশলী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান।


গত বৃহস্পতিবার রাতে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।


শাজাহান আলী সাভার পৌর এলাকার ডগরমোরার বাসিন্দা। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বাপেক্স) উপপ্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


সাভার মডেল থানা পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির গরু কেনার জন্য শাজাহান আলী তাঁর ছেলের প্রতিষ্ঠান জোডিয়াক কেবল নেটওয়ার্কের কর্মী বাবুল, রিপন ও নুর হোসেনকে নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পশুর হাটে যান। গরু পছন্দ না হওয়ায় গভীর রাতে তাঁদের নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। ফেরার পথে রাত দুইটার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় পৌঁছালে তাঁরা ছিনতাইকারীদের খপ্পরে পড়েন। ছিনতাইকারীরা প্রথমে অস্ত্রের মুখে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর শাজাহানের কাছে থাকা গরু কেনার প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর তলপেটে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।


নিহত শাজাহানের ছেলে ইমরান খান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এরপর চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল জানান, ছিনতাইকারীরা সংখ্যায় ছিল ছয় জন। তাঁদের সবাই ছিল মুখোশ পরা।


স্থানীয় লোকজন জানান, শিমুলতলা সাভারের অন্যতম অপরাধপ্রবণ এলাকা। এখানে প্রায় সময়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগেও আরও কয়েকজন পথচারী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন।


সন্ধ্যায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিহত ব্যক্তির পরিবার থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।